Category: সারাদেশ

সারাদেশ

  • ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

    ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

    রাজধানীতে একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডে এই ঘটনা ঘটে।

    তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগান এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

    কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস বলেন, প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় তাবাসসুমকে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন- দুই বছর আগে জামিউল হক ফারুকীর সঙ্গে বিয়ে হয় তাবাসসুমের। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গতরাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তাবাসসুম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

     

  • আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী

    আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী

    এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এ ঘটনাকে শতাব্দির সেরা বিরল ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচের বেশ কিছু অংশ থেকে এটি খালি চোখে দেখা যাবে। ওই সময়ে সূর্যগ্রহণের ফলে ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবীর একাংশ প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত অন্ধকারে থাকবে। খবর দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস

    এই সূর্যগ্রহণ গত এক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় স্থায়িত্ব হবে। ২০২৭ সালের ২ আগস্ট হতে যাওয়া ওই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে হওয়া সবচেয়ে লম্বা সময়ের সূর্যগ্রহণ। একটি পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্ব কাল থাকে তিন মিনিটেরও কম সময়। সেখানে এই সূর্যগ্রহণের স্থায়িত্বকাল হবে ৬ মিনিটের বেশি।

    জ্যোতিবিজ্ঞানীরা বলেছেন, বিরল এই দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণের পেছনে একাধিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবী থাকবে অ্যাফিলিয়ন অবস্থানে— অর্থাৎ সূর্য থেকে এর কক্ষপথের সর্বোচ্চ দূরত্বে। এর ফলে সূর্য আকাশে তুলনামূলকভাবে কিছুটা ছোট দেখাবে।

    এ সময়ে চাঁদ থাকবে পেরিজ অবস্থানে— অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি স্থানে। ফলে চাঁদ তুলনামূলকভাবে বড় দেখাবে।

    এই দুটি ঘটনাই একসঙ্গে ঘটার ফলে, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে এবং ছয় মিনিট পর্যন্ত এর স্থায়িত্ব হবে। সূর্য তুলনামূলকভাবে ছোট ও চাঁদ তুলনামূলকভাবে বড় হওয়ায় গ্রহণের সময় দীর্ঘ হবে।

    বিরল এই সূর্যগ্রহণ শুরু হবে আটলানন্টিক মহাসাগর থেকে। এর ফলে পূর্ব দিকে ২৫৮ কিলোমিটার চওড়া একটি ছাড়া পড়বে। স্পেস ডটকম জানিয়েছে, বিরল এই সূর্যগ্রহণ অনেক দেশ থেকেই খালি চোখে দেখা যাবে। যার মধ্যে রয়েছে- স্পেন, মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, মিশর, সুদান, ইয়েমেন, সৌদি আরব ও সোমালিয়া থেকে।

     

  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

    রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

    বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প ছিল।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, প্রাথমিকভাবে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।

    উল্লেখ্য, গত ১৫ বছরে ছোট-বড় ভূমিকম্পে প্রায় ১৫০ বার কেঁপে ওঠে বাংলাদেশ। ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আলামত। আবার বড় ভূমিকম্পের শত বছরের মধ্যে আরেকটি বড় ভূমিকম্প হয়।

    ইন্ডিয়া এবং বার্মা প্লেট এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর।

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্পও আঘাত হানে, আমরাদের যে প্রস্তুতি, ভবনের স্ট্রাকচার, ঘনবসতি তাতে অনেক বড় বিপর্যয় হতে পারে।

     

  • রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ

    রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দিনভর রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় থেমে থেমে কমবেশি বৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় রাতে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়। তবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, মধ্যরাত পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ছয় ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

    অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।