• রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী

    রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার দেবে।’

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    এর আগে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’

    সম্প্রতি ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে তিনি দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার পাশে ছিল বলে উল্লেখ করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে যথাযথ সহযোগিতা পাননি বলেও ক্ষোভ প্রকাশ করেন।

    রাষ্ট্রপতির এ মন্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেন।’

    জহির উদ্দিন স্বপন বলেন, ‘এ মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার, সেভাবে দেখিনি। দেখার পর প্রতিক্রিয়া জানাতে পারব।’

  • ৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার, পাবেন যারা

    ৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার, পাবেন যারা

    দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে।

    আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে।

  • পাসপোর্ট প্রাপ্তির ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ

    পাসপোর্ট প্রাপ্তির ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ

    দেশে পাসপোর্ট প্রাপ্তি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে পাসপোর্ট নিয়ে অভিযোগ বহু দিনের। দেশের অধিকাংশ মানুষ জানেন না কীভাবে সঠিকভাবে আবেদন করতে হয়। ফলে অনেকেই দালালচক্র বা অসাধু মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও হয়রানির শিকার হন।

    তিনি জানান, এই ভোগান্তি নিরসনে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট কার্যক্রমেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধিত সহায়তাকারী হিসেবে অনুমোদন দেওয়া হবে।

    জানা গেছে, এই নিবন্ধিত সহায়তাকারীরা আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন। বিনিময়ে তারা নির্ধারিত সার্ভিস চার্জ নিতে পারবেন। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালালনির্ভরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে পাসপোর্ট সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগির এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে।

  • একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল

    একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল

    বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে আলাদা আদেশ জারি করা হয়।

    পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, ড. কাইয়ুম আরা বেগম, এম এ আকমল হোসেন আজাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

    এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসূফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।