• আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

    বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০.৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৫.৪৭ ডলারে লেনদেন হয়।

    অন্যদিকে, ডব্লিউটিআইয়ের আরেক দফা লেনদেনে দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়ায়।

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ ঝুঁকির মুখে পড়তে পারে।

    নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, উত্তেজনা থাকলেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাক, তা চান না। সামরিক পদক্ষেপ নেওয়া হলেও তা সীমিত ও স্বল্পমেয়াদি হওয়ার সম্ভাবনাই বেশি।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। জলপথটি পুনরায় পুরোপুরি চালু হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।

  • আংশিকভাবে চলতি মাসেই নতুন পে-স্কেল কার্যকর হবে

    আংশিকভাবে চলতি মাসেই নতুন পে-স্কেল কার্যকর হবে

    সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে এখন এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ দেওয়া হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে। চলতি মাস থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর জন্য বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

    সরকার এই প্রস্তুতি নিচ্ছে যাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

    অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে সামান্য কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় আনা হয়েছে। পরিচালন ব্যয় বেড়ে ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকা হলেও উন্নয়ন খাতের বাজেট কমিয়ে ২ লাখ কোটি টাকা করা হয়েছে। ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি ও ব্যাংক একীভূতকরণের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বৃদ্ধির কারণে এই পরিবর্তন আনতে হয়েছে।

    আরও পড়ুন

    ১৫ বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
    পে-কমিশনের প্রতিবেদন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই প্রতিবেদন সরকারকে হস্তান্তর করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

    বিজ্ঞাপন
    সরকারি চাকরিজীবীদের জন্য এটি স্বস্তির সংবাদ, যাদের বেতন ও ভাতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রয়োজন ছিল সংস্কার ও উন্নয়ন।

  • ভয়াবহ ‘সাইলেন্ট স্ট্রোক’ নিয়ে সতর্ক করলেন নিউরোসার্জন

    ভয়াবহ ‘সাইলেন্ট স্ট্রোক’ নিয়ে সতর্ক করলেন নিউরোসার্জন

    আপনি হয়তো নিয়মিত হাঁটছেন, পরিমিত খাবার খাচ্ছেন, কাজও করছেন স্বাভাবিক ছন্দে। তবু অজান্তেই মস্তিষ্কে ঘটতে পারে ছোট্ট কিন্তু গুরুতর এক ক্ষতি ‘সাইলেন্ট স্ট্রোক’। মুখ বেঁকে যায় না, কথা জড়িয়ে যায় না, হাত–পা অবশ হয় না তাই ধরা পড়ে না। কিন্তু দীর্ঘমেয়াদে এই নীরব আঘাতই ডেকে আনতে পারে স্মৃতিভ্রংশ, মনোযোগের ঘাটতি এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও।

    সার্জন ডা. ধ্রুব চতুর্বেদী জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে এসে অনেক রোগীর এমআরআইতে তিনি নীরব স্ট্রোকের চিহ্ন দেখেন যাদের কেউই আগে বড় কোনো উপসর্গ টের পাননি।

    সাইলেন্ট স্ট্রোক আসলে কী?

    সাধারণ স্ট্রোক হলে হঠাৎ মুখ বেঁকে যাওয়া, কথা আটকে যাওয়া বা শরীরের এক পাশ দুর্বল হয়ে পড়ার মতো লক্ষণ দেখা যায়। কিন্তু সাইলেন্ট স্ট্রোক বা ‘কোভার্ট ব্রেন ইনজুরি’ এসব কিছুই দেখায় না। ডা. চতুর্বেদীর ভাষায়,  এটি নিঃশব্দে মস্তিষ্কের ক্ষুদ্র অংশে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করে। তখনই কোষের ক্ষতি শুরু হয় যার প্রভাব ধীরে ধীরে প্রকাশ পায়।

    যেসব পরিবর্তনে সতর্ক হবেন: উপসর্গ না থাকলেও কিছু ছোট পরিবর্তন অবহেলা করা উচিত নয়—

    • হালকা স্মৃতিভ্রংশ
    • মনোযোগে ঘাটতি
    • হাঁটার সময় অস্থিরতা
    • শরীরের কোনো অংশে সামান্য অবশ ভাব
    • আচরণ বা মুডে পরিবর্তন
    • চিন্তায় ধীরগতি

    এসব লক্ষণ অনেক সময় বয়সজনিত সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু প্রয়োজন হলে এমআরআই পরীক্ষাই সাইলেন্ট স্ট্রোক শনাক্তের সবচেয়ে কার্যকর উপায়।

     

    কারা বেশি ঝুঁকিতে: বিশেষজ্ঞদের মতে, যাদের—

    • উচ্চ রক্তচাপ
    • ডায়াবেটিস
    • উচ্চ কোলেস্টেরল
    • ধূমপানের অভ্যাস
    • দীর্ঘস্থায়ী মানসিক চাপ
    • আছে, তাদের নিয়মিত স্ক্রিনিং জরুরি।
    • জীবনযাপনের ভুলেই বাড়ে ঝুঁকি

    যেসব অভ্যাস সাইলেন্ট স্ট্রোকের কারণ:  ডা. চতুর্বেদী সতর্ক করেন, আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসই নীরব স্ট্রোকের ঝুঁকি তৈরি করে—

    • ঘুমের ঘাটতি: পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বাড়ে ও রক্তনালির ক্ষতি হয়।
    • স্ট্রেস: দীর্ঘদিনের মানসিক চাপ কর্টিসল বাড়িয়ে রক্তনালী দুর্বল করে।
    • ব্যায়ামের অভাব: প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা মস্তিষ্কে রক্তসঞ্চালন বাড়ায়।
    • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: বেশি লবণ ও চর্বিযুক্ত খাবার রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে।
    • ধূমপান ও অ্যালকোহল: সরাসরি রক্তনালির ক্ষতি বাড়ায়।

    মস্তিষ্ক সবসময়ই সংকেত দেয় শুধু তা শোনার অভ্যাস থাকতে হয়। শরীর স্বাভাবিক মনে হলেও ছোটখাটো পরিবর্তনকে অবহেলা করবেন না। নিয়মিত চেক-আপ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপ নিয়ন্ত্রণ এই সাধারণ অভ্যাসগুলোই বড় বিপদকে দূরে রাখতে পারে।

  • এবার ঈদে কতদিন ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা

    এবার ঈদে কতদিন ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা

    আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চ মাসের ২০ বা ২১ তারিখ হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকে। তবে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কতদিন ছুটি পাবেন, তা নিয়ে কৌতুহল রয়েছে।

    প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে যান। অনেক মানুষ একসাথে ঢাকা ত্যাগ করার কারণে সড়কে দীর্ঘ যানজট এবং নানা ভোগান্তি তৈরি হয়। তবে যদি ঈদের ছুটি তুলনামূলক দীর্ঘ হয় বা বাড়তি ছুটি থাকে, তাহলে এই ভোগান্তি অনেকটাই কমে আসে। তাই সাম্প্রতিক বছরগুলিতে সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিও ঘোষণা করা হয়েছে।

    ২০২৬ সালের জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। ঈদের ছুটির ঠিক সময় ও দৈর্ঘ্য নিয়ে কৌতূহল থাকলেও শবে কদরের ছুটি (ঈদের একদিন আগে) এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মোট ছুটি কিছুটা পরিবর্তিত হতে পারে।

    ২০২৬ সালে রমজান মাসের চাঁদ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে দেখা গেছে। তাই ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। আরবি মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয়। যদি শাবান মাসের চাঁদ ২০ মার্চ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর ২১ মার্চ অনুষ্ঠিত হবে। আর যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়, তাহলে ঈদ হবে ২২ মার্চ।

    সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, এবারের ঈদুল ফিতরের সরকারি ছুটি ১৯শে মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সোমবার ২৩শে মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে।