• নির্বাচনী সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান

    নির্বাচনী সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন
    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তবে নির্বাচন উপলক্ষে ঘোষিত এই সাধারণ ছুটি সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। ঈদসহ অন্যান্য জাতীয় ছুটির মতোই কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে, যাতে জনজীবন ও জরুরি সেবায় কোনো ব্যাঘাত না ঘটে।

    সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবে।

    ছুটির বাইরে যেসব প্রতিষ্ঠান থাকবে:

    বিজ্ঞাপন

    যোগাযোগ ও পরিচ্ছন্নতা খাত: টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন সচল থাকবে।

    জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ সংস্থা, ফায়ার সার্ভিস এবং দেশের সমুদ্র ও স্থলবন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে।

    বিজ্ঞাপন
    জরুরি দাপ্তরিক কার্যক্রম: যেসব সরকারি ও বেসরকারি অফিস সরাসরি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, সেগুলোর কার্যক্রমও চালু থাকবে।

    চিকিৎসাসেবা: সরকারি ও বেসরকারি সব হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহন সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন নির্বিঘ্ন করতে এবং জনসাধারণের জরুরি সেবা নিশ্চিত করতেই এসব প্রতিষ্ঠানকে সাধারণ ছুটির বাইরে রাখা হয়েছে।

     

  • ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

    ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে।

    সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

    নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়ত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখবার অভ্যাস হতে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়। রমজান মাসে স্কুল বন্ধ না রাখলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

    সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা থাকবে, যা নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

    অন্যদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার ১২ দিন ছুটি কমেছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখা হবে। তবে সব সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকার তথ্য অনুযায়ী- এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ থাকবে।

  • বাজারে চরম নৈরাজ্যের পর এলপিজি নিয়ে সুখবর

    বাজারে চরম নৈরাজ্যের পর এলপিজি নিয়ে সুখবর

    বাজারে চরম নৈরাজ্যের পর অবশেষে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি। চলতি মাসে ১২টি প্রতিষ্ঠান ১ লাখ ৬৭ হাজার ও আগামী মাসে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করা হয়েছে।

    সব মিলিয়ে দুই মাসে দেশে আসবে সাড়ে তিন লাখ মেট্রিক টন এলপিজি। আর এতে রমজানের আগেই বাজারে স্থিতিশীলতা ফেরার আশা সংশ্লিষ্টদের।

    দেশে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম ১৩০৬ টাকা, অথচ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়, তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাবান্না থেকে যানবাহন-সব খাতের ভোক্তারা। সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট-ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে স্থবিরতা কাটিয়ে আবারো বাড়ছে এলপিজি আমদানির হার। আমদানিকারকদের আশ্বাস, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানি করতে পারবে ১২টি প্রতিষ্ঠান। আর আগামী মাসে আমদানির লক্ষ্য ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। যা সর্বোচ্চ চাহিদার তুলনায় ৩৪ হাজার মেট্রিক টন বেশি। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহ-সভাপতি হুমায়ুন রশীদ বলেন, লোয়াবের সব মেম্বার কাজ করছে এবং কিছু জাহাজ এরমধ্যেই প্রক্রিয়াধীন। বাংলাদেশের প্রাইভেট সেক্টর খুব সক্রিয়; তারা বাজারে এলপিজির স্বল্পতা চাইছে না এবং শিগগিরই এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্ন ও নিশ্চিতভাবে চলবে। জ্বালানি উপদেষ্টার আশা, আমদানি বাড়ায় স্থিতিশীলতা ফিরবে বাজারে, রোজার আগেই কাটবে সংকট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান মুঠোফোনে সময় সংবাদকে বলেন, আমদানিকারকরা কমিটমেন্ট দিয়েছে যে এলপিজি আনবে এবং তারা বলছে রোজার আগে সরবরাহ স্বাভাবিক হবে। আমরা আশা করছি ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন থেকে দেড় লাখ মেট্রিক টন।

  • বাংলাদেশিদের ভারত ভ্রমণ, এবার যে নতুন আদেশ জারি

    বাংলাদেশিদের ভারত ভ্রমণ, এবার যে নতুন আদেশ জারি

    নতুন বছরের প্রথম দিন থেকেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী যাত্রীদের খরচ বেড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে ভারতীয় কর্তৃপক্ষ ২০০ থেকে ৫০০ রুপি ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় শুরু করেছে।

    ভারত সরকারের স্থলবন্দর কর্তৃপক্ষ (ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া—এলপিএআই) গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল বন্দরের ম্যানেজার কামলেশ সাইনি স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।

    নির্দেশনা অনুযায়ী, জিএসটি-সহ নির্ধারিত যাত্রী পরিষেবা ফি হিসেবে ভারতীয়, বাংলাদেশি ও প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে ২০০ রুপি আদায় করা হচ্ছে। তৃতীয় দেশের নাগরিকদের ক্ষেত্রে এ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ছাড় দিয়ে ফি নির্ধারণ করা হয়েছে ৫০ রুপি। পাশাপাশি ভারত সরকারের তালিকাভুক্ত কিছু সরকারি সংস্থা ও কর্তৃপক্ষকে এ ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আন্তর্জাতিক যাত্রী পরিষেবার মান আরও উন্নত ও গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে।

    একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে ডিজিটাল বুকিং ব্যবস্থা। যাত্রীরা ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা ব্যবহার করে লগইন করে স্লট বুক করতে পারবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও আইওএস স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য কিউআর কোড স্ক্যান করার সুবিধাও রাখা হয়েছে।

    তবে নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সামনে ভারতগামী যাত্রী আব্দুর রহিমসহ কয়েকজন যাত্রী জানান, নতুন বছরের শুরুতেই ভারতের পেট্রাপোল স্থলবন্দরে অতিরিক্ত ট্যাক্স আরোপে পাসপোর্ট যাত্রীদের আর্থিক চাপ আরও বেড়েছে।

    তাঁরা জানান, এর আগে বাংলাদেশ সরকার দফায় দফায় ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে যাত্রীপ্রতি সর্বশেষ এক হাজার টাকা এবং পোর্ট ট্যাক্স ৫৬ টাকা নির্ধারণ করেছে। এর ওপর ভারত সরকার নতুন করে ২০০ রুপি পোর্ট চার্জ আরোপ করায় বিশেষ করে রোগাক্রান্ত, গরিব ও অসহায় মানুষের জন্য এটি বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

    পাসপোর্ট যাত্রী রোমানা বলেন, “নতুন বছরে আমরা আশা করেছিলাম ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতা কমবে এবং ট্যুরিস্ট ভিসাসহ সব ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। কিন্তু তার পরিবর্তে নতুন করে প্যাসেঞ্জার ইউজার চার্জ আরোপ করায় হতাশা বেড়েছে।”

    বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফারহাদ হোসেন বলেন, “ভারত থেকে আসা অনেক যাত্রীর কাছ থেকেই নতুন করে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ আদায় করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।”