জাতীয় বেতন কমিশনের দাখিল করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের গেজেট জারি করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করা হয়। এ কমিটি যথা সময়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জারি হওয়া গেজেট প্রকাশ হয়।
গেজেটে বলা হয়েছে, সরকার জাতীয় বেতন কমিশন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনগুলোর বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য ‘জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে।
কমিটিতে সদস্য করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব মহানিয়ন্ত্রকে (সিজিএ)।
এই কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।
এর আগে ২০২৫ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান।