আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, চলতি জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে কিছু সময় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
এ সময় ২-৩টি মৃদু থেকে মাঝারি এবং ১-২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে।
তাছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন নদী অববাহিকাসহ কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কুয়াশা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে।
নদ-নদীর পানি স্বাভাবিক থাকবে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে।
বিজ্ঞাপন
কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ ঘণ্টা ৫০ মিনিট থেকে ৫ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যে থাকবে।
আরও পড়ুন
শীত নিয়ে দুঃসংবাদ
এভাবেই চলতি মাসে আবহাওয়ার পরিবর্তন থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। জনজীবন ও কৃষি কাজের জন্য এই পূর্বাভাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।