বিদ্যুৎ বিল বেশি আসে কি না, নিজেই যেভাবে যাচাই করবেন

বর্তমানে অনেকেই অভিযোগ করছেন যে বিদ্যুৎ ব্যবহার স্বাভাবিক থাকা সত্ত্বেও মাস শেষে অতিরিক্ত বিল আসছে। কিন্তু কেন এমন হচ্ছে, তার সহজ সমাধান অনেকেই জানেন না। মাত্র এক মিনিটেই আপনি নিজে বুঝে নিতে পারবেন আপনার মিটারে কোনো সমস্যা আছে কি না।

আপনার বিদ্যুৎ মিটারে একটি ছোট বাতি থাকে, যাকে বলা হয় “পালস বাতি”। এই বাতিটি শুধুমাত্র তখনই জ্বলে-নিভে, যখন আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার হয়। যদি বিদ্যুৎ ব্যবহার না হয় বা আপনার সার্কিট বন্ধ থাকে, তাহলে এই বাতি জ্বলার কথা নয়।

যাচাই করার সহজ পদ্ধতিটি হলো:

১. বাড়ির মূল মেইন সুইচ (MCB) বন্ধ করে দিন—অর্থাৎ ঘরে বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করুন। ২. এরপর মিটারের সামনে গিয়ে ভালোভাবে লক্ষ্য করুন যে পালস বাতিটি জ্বলে-নিভে কি না। ৩. যদি কারেন্ট বন্ধ থাকার পরেও পালস বাতিটি জ্বলে-নিভে, তাহলে বুঝতে হবে আপনার মিটারটি নষ্ট হয়ে গেছে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে পালস দিয়ে অতিরিক্ত ইউনিট দেখাচ্ছে।

যদি মিটার নষ্ট বলে নিশ্চিত হন, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনাকে যা করতে হবে: মিটারের সামনে দাঁড়িয়ে এক মিনিটের একটি ভিডিও করুন, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাড়ির কারেন্ট বন্ধ থাকা সত্ত্বেও মিটার চলছে। আপনার সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি সংগ্রহ করুন। এই উভয় প্রমাণ নিয়ে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন এবং অবিলম্বে মিটার পরিবর্তনের জন্য অনুরোধ জানান।

যদি আপনি পরীক্ষা করে দেখেন যে কারেন্ট বন্ধ থাকলে পালস বাতি একদমই জ্বলে না, তাহলে বুঝতে হবে মিটারে কোনো ত্রুটি নেই। সেক্ষেত্রে, বিল বেশি আসার সম্ভাব্য কারণ হতে পারে—ঘরের ভেতরের ওয়্যারিংয়ে লিকেজ বা শর্টসার্কিট, অথবা ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার।

এই অবস্থায় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পুরো ঘরের লাইন চেক করিয়ে নেওয়া উচিত। ভুল জায়গায় লোড পড়ে থাকলে, সেটিই অজান্তে বেশি বিলের কারণ হতে পারে। বিদ্যুৎ বিল বেশি আসছে কি না, সেটা যাচাই করতে এখন আর অফিসে ছুটতে হবে না। মাত্র এক মিনিটের একটি সহজ পরীক্ষায় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মিটার ঠিক আছে কি না। আর সমস্যার উৎস বুঝে নিলেই সহজে সমাধানও মিলবে।