ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তি এসে হাদীর দিকে গুলি চালায়। গুলির পর তারা দ্রুত দিক পরিবর্তন করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়রা হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার কিছু পর তাকে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।
হাদীর সাথে থাকা জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, হামলার পরপরই তাকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং জরুরি চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি, বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে আমাদের টিম গেছে তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।
হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন মির্জা আব্বাস ও রিজভী
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা মেডিকেলে ওসমান হাদীর জরুরি চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তার অবস্থাকে গুরুতর বলে জানিয়েছেন।