Category: জাতীয়

জাতীয়

  • নির্বাচন উপলক্ষে আরও বাড়লো সাধারণ ছুটি

    নির্বাচন উপলক্ষে আরও বাড়লো সাধারণ ছুটি

    সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসে সাধারণ ছুটির পরিধি আরও বেড়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এই উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে সাপ্তাহিক ছুটি (শুক্রবার-শনিবার) হওয়ার কারণে কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের বিশ্রামের সুযোগ মিলছে।

    এছাড়া, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন এবং তার আগের দিন অর্থাৎ ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরবর্তী দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় এখানে আবারও টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১১ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কারণে সাধারণ ছুটি থাকবে। এর আগে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সরকারি ছুটি থাকবে, যা পূর্বেই ঘোষণা করা হয়েছিল।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। এ ছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন বিশেষ ছুটি থাকবে।

    ফেব্রুয়ারি মাসে এই ছুটির সুবিধায় সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় বিশ্রামের সুযোগ পাবেন।

  • শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা! জাতীয় পার্টি নেতার বক্তব্য ভাইরাল

    শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা! জাতীয় পার্টি নেতার বক্তব্য ভাইরাল

    রাজনীতি

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী এ মন্তব্য করেন।

    রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

    বক্তব্যে মোকাম্মেল হক চৌধুরী বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশে রয়েছে এবং তারা জেল-জুলুমকে ভয় পায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাদের ওপর কোনো নির্যাতন হতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে এবং শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে।

    মোকাম্মেল হক চৌধুরীর বাড়ি বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে। তিনি রংপুর আদালতের একজন আইনজীবী। তাঁর চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং তাঁর চাচা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী।

    এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান কবির বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে কাজ করছে। তিনি জানান, উপজেলা জাতীয় পার্টি তাদের অবস্থান পরিষ্কার করেছে।

    এদিকে জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, শেখ হাসিনাকে নিয়ে মোকাম্মেল হক চৌধুরীর বক্তব্যটি ভুলবশত দেওয়া হয়েছে এবং এটি তাঁর ব্যক্তিগত মতামত।

    এ বিষয়ে মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল প্রথম আলোকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আবেগের বশে তিনি এমন কথা বলে ফেলেছেন এবং পরে নিজেই স্বীকার করেছেন যে এটি একটি ভুল ছিল।

  • ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ

    ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ

    গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাড়ে ৮১ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন।

    নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

    এ অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

  • রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

    রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

    রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শিগগিরই শুরু হতে যাচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানের গণনা শুরু হবে। রমজান মাসকে সামনে রেখে অন্যান্য বছরের মতো এবারও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

    শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

    তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

    এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।