Category: জাতীয়

জাতীয়

  • পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

    পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।

    নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।

    বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে-কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

    তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

    তিনি বলেন, সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ। তবে এখন বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সেজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

    জ্বালানি উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেয়া হয়েছে।

  • নবম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা

    নবম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা

    নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশসহ সাত দাবি আদায়ে সরকারকে চাপ দিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে সমন্বয়ক মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

    আমন্ত্রণপত্রে বলা হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার’ দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় সরকারি দপ্তরসহ আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

     

    সংগঠনটি জানায়, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন অসন্তোষ বাড়ছে। দ্রুত গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

    এদিকে, কর্মসূচিটি যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

  • জানা গেল পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরের তারিখ 

    জানা গেল পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরের তারিখ 

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে। আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

    বিজ্ঞাপন
    অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

    এর আগে গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। ২১ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

    বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে।
    কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।

    বিজ্ঞাপন

    সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

    অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন ৭৮ হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করেছে বেতন কমিশন।

     

  • নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা

    নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা

    রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪ নেতা।

    বিএনপির এই নেতারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে তারা মনোনয়নপত্র দাখিল করেননি।

    তারা হলেন- জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু।

    তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি লাইভে এসে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

    এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জল বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করেছিলাম। শেষপর্যন্ত মনোনয়নপত্র জমা না দিয়ে নিজ দায়িত্বে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। কেউ মূল্যায়ন না করলেও নিজ নিজ দায়িত্ব থেকে ব্যক্তিকে না, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

    জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দিইনি।

    এ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ নিজ নিজ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

    বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।