Category: জাতীয়

জাতীয়

  • সুখবর পেলেন ২০ প্রার্থী

    সুখবর পেলেন ২০ প্রার্থী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য নমনীয় হলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি।

    রোববার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করে ইসি।

    দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত ও ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দেয় কমিশন।

    শুনানিতে অনুপস্থিত থাকায় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়। আর কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি যাচাইয়ের জন্য তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এক্ষেত্রে প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।

    দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়েও যাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই- জামায়াতের ঢাকা-১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনে বিএনপি এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ বিএনপি মনিরুজ্জামান, ফরিদপুর-২ বিএনপি শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ তাহির রায়হান বিএনপি, মৌলভীবাজার-২ বিএনপি শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ স্বতন্ত্র সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ জামায়াত জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপি কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ বিএনপি আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ জাতীয় পার্টি মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ জাপা খোরশেদ আলম, নাটোর-১ খেলাফত মজলিশ আজাদুল হক, যশোর-২ জামায়াত মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ জামায়াত একে ফজলুল হক, শেরপুর-২ বিএনপির ফাহিম, চট্টগ্রাম-৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ জামায়াত মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ বিএনপির আফরোজা খানম রিতা ও সুনামগঞ্জ-৩ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

    এ ছাড়া ঋণ খেলাপির অভিযোগে রোববার চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

    রোববার শুনানির শেষ দিনে দুই দফায় ৬৩ জনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে ২৩ জনের মঞ্জুর হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয় ২১টি, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। যার মধ্যে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৬টি।

    শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আই ক্যান এশিউর আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি।

  • সারাদেশের সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

    সারাদেশের সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনের প্রতিটি স্তরে কার্যকর হলো নতুন জরুরি নির্দেশনা। নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব সরকারি অফিসের আনুষ্ঠানিক যোগাযোগে বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
    সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সব চিঠিপত্রের ডান পাশে নির্ধারিত বিশেষ লোগো সংযুক্ত রাখতে হবে। কেন্দ্রীয় সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনের প্রতিটি দপ্তরের পত্রালাপেই এই নির্দেশনা কার্যকর থাকবে।
    জানা গেছে, গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্ত চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়।
    শুধু দাপ্তরিক চিঠিপত্রেই নয়, নির্বাচনী পরিবেশ ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগো সম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
    নির্বাচনের আমেজ ছড়িয়ে দেওয়া এবং জনগণকে সম্পৃক্ত করতেই সরকারের এই পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণভোট ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই এই জরুরি নির্দেশনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • আসছে দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি

    আসছে দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি

    আসন্ন ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

    প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাত উপলক্ষে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। এই উপলক্ষে সংশ্লিষ্ট ছুটি যোগ হয়ে টানা তিন দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

     

    চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

    এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

  • রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী!

    রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী!

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে রাষ্ট্রের কাছে আবারও আকুতি জানিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই দাবি পুনর্ব্যক্ত করেন।

    শম্পা তাঁর পোস্টে স্পষ্ট করে লিখেছেন যে, একজন স্ত্রী এবং তাঁর সন্তানের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে এখন একমাত্র পাওনা হলো এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার। জাগতিক কোনো সুযোগ-সুবিধা বা চাওয়া-পাওয়া নয়, বরং ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারই তাঁদের কাছে এখন প্রধান দাবি। উল্লেখ্য যে, এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করে বাদীর পক্ষ থেকে আদালতে নারাজি দাখিল করা হয়েছে। এরপরই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন।

    স্বামীর মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে অনড় রয়েছেন শম্পা। ফেসবুকের এই পোস্টটি শহীদ হাদির অনুসারী এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। তারা মনে করছেন, দ্রুত এই মামলার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি।