Category: সারাদেশ

সারাদেশ

  • শেষ পর্যন্ত বাঁচানো গেল না জনপ্রিয় বলিউড অভিনেতাকে

    শেষ পর্যন্ত বাঁচানো গেল না জনপ্রিয় বলিউড অভিনেতাকে

    ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সুদীপ পাণ্ডে আর নেই। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে গত বুধবার সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যু ভোজপুরি শিল্প জগতকে গভীর শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে।

    ভোজপুরি চলচ্চিত্রে সুদীপ পাণ্ডে ছিলেন এক প্রতিশ্রুতিশীল অভিনেতা এবং প্রযোজক। মাত্র ৩০ বছর বয়সে তাঁর চলে যাওয়ায় তাঁর পরিবার, সহকর্মী এবং ভক্তরা অত্যন্ত মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় সুদীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, “আরআইপি, আপনার আত্মার শান্তি কামনা করি,” অন্য একজন জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি চলে গেলেন।”

    সুদীপ পাণ্ডে ভোজপুরি চলচ্চিত্রে ‘ভোজপুরিয়া ভাইয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তার পরবর্তী সময়ে, ‘পেয়ার মে’, ‘বালওয়া’, ‘ধরতি’-এর মতো সফল ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তার অদম্য আকর্ষণ এবং অ্যাকশন ধারার অভিনয়ে ভোজপুরি চলচ্চিত্রে তার অবদান অসীম।

    এছাড়া, ২০১৯ সালে তিনি হিন্দি ছবিতে ‘ভি ফর ভিক্টর’-এ অভিনয় করেছিলেন এবং সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ সিরিজের দ্বিতীয় পর্বের শুটিং শুরু করেছিলেন।

    সুদীপের মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতের একজন উজ্জ্বল তারকা হারাল। তাঁর প্রতিভা ও অভিনয় দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবে। এই বিশাল শূন্যতা কখনো পূর্ণ হবে না, এবং সুদীপ পাণ্ডে চিরকাল তার ভক্তদের হৃদয়ে জীবিত থাকবেন।

  • সরকারি চাকরীজীবীরা মহার্ঘ ভাতা পাবেন কিনা জানা গেল

    সরকারি চাকরীজীবীরা মহার্ঘ ভাতা পাবেন কিনা জানা গেল

    অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে সায় না দিয়ে ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানা যায়, সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা।

    অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, মহার্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে। তবে প্রতিবছর বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ৬ থেকে ৮ শতাংশ বাড়ে। সে হিসাবে আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৮৯ হাজার কোটি টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হতো আরও প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে বেতন-ভাতা খাতে ব্যয় হতো প্রায় সাড়ে ৯৬ হাজার কোটি টাকা।

    বিশ্লেষকরা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়।

    বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ, এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। ২০১৫ সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে। উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি ৫০ হাজার করে টাকাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তার পরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক।

    উল্লেখ্য, সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয়। সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের। তবে ২০২৩ সালের জুলাইয়ের আগপর্যন্ত প্রতিবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। এ পরিস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয়। পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হয়। ফলে ২০২৩ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ১০ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন।

    এদিকে, মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল। তথ্যসূত্র : সমকাল

  • সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার ছাত্রলীগ সভাপতি

    সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার ছাত্রলীগ সভাপতি

    রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হোসেন আকাশ হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সেনাবাহিনীর সহায়তায় পল্লবী থেকে মোস্তাফিজুর রহমান পারভেজ নামে আসামিকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

    গ্রেফতার মোস্তাফিজুর রহমান পারভেজ পল্লবীর ৩য় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ইমন হত্যা মামলার আসামি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাসস্ট্যান্ডের জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে অনেক শিক্ষার্থীর সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

    হামলাকারীরা ককটেল বিস্ফোরণসহ গুলি চালায়। এতে ইমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ইমনকে স্থানীয় আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবি বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। পুলিশ সূত্র আরও জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান পারভেজকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ইমন হত্যা মামলায় পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম; ৫ অক্টোবর পল্লবী থানা ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনি; ১৯ অক্টোবর ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত ও ২০ অক্টোবর ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. মিন্টুকে পল্লবী থানা পুলিশ গ্রেফতার করে।