Category: সারাদেশ

সারাদেশ

  • মিটফোর্ডে সোহাগ হত্যা: আসামি সাগর গ্রেপ্তার

    মিটফোর্ডে সোহাগ হত্যা: আসামি সাগর গ্রেপ্তার

    পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক আসামি মো. সাগরকে (৩৬) গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

    মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

    কোতয়ালী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাগরকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার একটি চৌকস টিম।

    গত ৯ জুলাই বিকেল ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রেরণ করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র্যাব ১১ আসামিকে গ্রেপ্তার করে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১২ জন। তাদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    তালেবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     

  • জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে: ফারুকী

    জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে: ফারুকী

    জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    রোববার (২৭ জুলাই) রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক জুলাই অভ্যুত্থান সম্মেলন আই সি জে আর-১, ২০২৫ এর সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাইয়ে যে ঘটনা ঘটেছে, তা হচ্ছে সত্য। কিন্তু এই সত্যকে অবলম্বন করে যদি আমরা আমাদের ন্যারেটিভ নির্মাণ না করি, তাহলে একসময় আমাদের এ গল্পগুলো হারিয়ে যাবে। ফলে জুলাইয়ের সত্যকে আমাদের কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে।

    তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ন্যারেটিভ তৈরির কাজগুলো আমরা সরকারের পক্ষ থেকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সেগুলো মোটেও সরকারিভাবে নয়। আপনারা যদি আমাদের কাজগুলো দেখে থাকেন, তাহলে আপনার এটি বুঝতে পারবেন।

    উপদেষ্টা বলেন, আমরা আমাদের কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। তবে অল্প সময়ে এতো কাজ করা সম্ভব নয়। তাই আমি বিশ্বাস করি যে, আমাদের পরে যারা আসবেন তারা এই কাজ চালিয়ে যাবেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

    তিনি বলেন, জুলাই আমাদের সম্পদ। এই সম্পদ আমাদের সংরক্ষণ করতে হবে।

    সাদিক কায়েম আরও বলেন, জুলাইকে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিসহ সব অঙ্গনে টিকিয়ে রাখতে হবে। জুলাই নিয়ে ন্যারেটিভ নির্মাণ করতে হবে এবং আরও প্রাসঙ্গিক করে তুলতে হবে।

     

  • ৬ মাসের যমজ শিশুসহ মাকে হাজতে আটক, ওসি প্রত্যাহার 

    ৬ মাসের যমজ শিশুসহ মাকে হাজতে আটক, ওসি প্রত্যাহার 

    ছয় মাসের যমজ শিশুসহ মাকে থানা হাজতে আটকে রাখার ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।

    পুলিশ সূত্র জানায়, কিছুদিন ধরেই নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ৬ মাসের যমজ শিশুসহ মাকে থানা হাজতে রাখেন। অন্যদিকে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা মামলা করতে না চাইলেও তাকে থানায় ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এ কারণে নিহত ছেলের জানাজা পড়তে পারেননি বাবা।

    সূত্র জানায়, গত ৯ জুলাই উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মো. বায়োজিদের স্ত্রী নিশিদ আক্তারকে গভীর রাতে আটক করা হয়। ওই সময় ওই গৃহবধূ ৬ মাসের শিশুদের নিয়ে যেতে না চাইলেও জোর করে থানায় নিয়ে হাজতে আটকে রাখা হয়। পরদিন দুই শিশু সন্তানসহ ওই নারীর ছবি তুলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

    পরে ময়মনসিংহ পুলিশ সুপার তদন্তে সত্যতা পেয়ে ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।

     

  • বাসার ভেতর পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

    বাসার ভেতর পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

    কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।

    নিহতরা হলেন- জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে মিশু আক্তার (১৪)। তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

    জানা যায়, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও মেয়ে।

    বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক বলেন, বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া বসবাস শুরু করেন। চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রী ও মেয়ে বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    তিনি আরও বলেন, ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

    একইসঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও আমরা তদন্ত করে দেখছি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।