Category: সারাদেশ

সারাদেশ

  • এসএসসি পাসেই মেট্রোরেলে চাকরির সুযোগ

    এসএসসি পাসেই মেট্রোরেলে চাকরির সুযোগ

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেন অপারেটর পদে জনবল নেবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে।

    • পদের নাম: ট্রেন অপারেটর
    • পদসংখ্যা: ১৫টি
    • বেতন: গ্রেড–১০ অনুযায়ী মূল বেতন ৩৬,৮০০ টাকা।
    • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না।
    • বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনায় এসএসসি বা সমমানের সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে।
    • আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন।

      আবেদন ফি: আবেদনপত্র জমা দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৫৮ টাকা মিলিয়ে মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।

      পরীক্ষা: পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এবং ডিএমটিসিএলের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

      শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা

  • স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যু, কী ঘটেছিল

    স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যু, কী ঘটেছিল

    ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তাদের ৬ ছেলে ৩ মেয়ে রয়েছে।

    কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব টিপু বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     

     

  • চবি শিক্ষার্থীর খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

    চবি শিক্ষার্থীর খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশনে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করে আপাতত ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। এজন্য মামুনের মাথার ব্যান্ডেজে লেখা হয়েছে— ‘হাড় নেই, চাপ দিবেন না।’

    হাসপাতালে টানা চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মামুনকে নেওয়া হয় আইসিইউতে। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি পার্কভিউ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন।

    তিনি বলেন, মামুনের অবস্থা আগের তুলনায় ভালো। তার জ্ঞান ফিরতে শুরু করেছে। চিকিৎসকরা নিয়েছেন, এক থেকে দুই মাস পর কিংবা পরিস্থিতি অনুকূলে এলে খুলি পুনরায় মাথায় প্রতিস্থাপন করা হবে।

    মামুনের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। এ সময় ব্রেন ক্ষতিগ্রস্ত হয় এবং কানের পর্দা ফেটে যায়।

     

    একই সংঘর্ষে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থাও আশঙ্কাজনক। তার জ্ঞানের মাত্রা একসময় ৩-এ নেমে গিয়েছিল, যা স্বাভাবিক অবস্থায় ১৫ থাকার কথা। বর্তমানে মেডিক্যাল বোর্ড তার জন্য নতুন অপারেশনের বিষয়ে আলোচনা করছে।

    অন্যদিকে, ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামের ডান হাতের রক্তনালি ছিঁড়ে যাওয়ায় তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    মামুনের সহপাঠীরা বলছেন, গত ৩১ আগস্ট সংঘর্ষের সময় ধারালো রামদা ও চাপাতি দিয়ে তাকে আঘাত করা হয়। তারা প্রশ্ন তুলেছেন— “মানুষ হয়েও কেউ কিভাবে আরেকজন মানুষের সঙ্গে এমন নৃশংস আচরণ করতে পারে?”

    চবির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মামুনের অপারেশন চলে প্রায় চার ঘণ্টা। চিকিৎসকরা জানিয়েছেন, সে সুস্থ হলে দুই মাস পর খুলি প্রতিস্থাপন করা হবে।

    ফেসবুকে মামুনের ছবি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

    চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, যে মস্তিষ্কে জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার বুনন ছিল, আজ সেই মস্তিষ্ক হাড়শূন্য। বিশ্ববিদ্যালয় তাকে রক্ষা করতে পারেনি, রাষ্ট্রও তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

    ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান খান রাকিব লিখেছেন, হাড় নেই, চাপ দিবেন না—এই বাক্যটা আমাদের সমাজের ভয়াবহতার প্রতীক। যারা এমনভাবে শিক্ষার্থীদের কুপিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।

    গত ৩০ আগস্ট রাতে এক ছাত্রীর বাসার গেট খোলাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের এক উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্য আহত হন।

     

  • পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট ‘আল্লাহ নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

    পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট ‘আল্লাহ নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

    শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দান সিন্দুকে টাকার সঙ্গে পাওয়া অসংখ্য চিঠির মধ্যে ওই চিরকুটটি ভালোবাসার আকুতি ভরা।

    চিরকুটটিতে লেখা ছিল, আল্লাহ নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন। আল্লাহ আপনার কাছে নাজমুলকে আমার জামাই হিসেবে চাই। আল্লাহ আপনি আমার আশা পূরণ করুন।’

    এর আগে সকালে পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা করা হয়।

    জানা গেছে, এবার চার মাস ১৮ দিন পরে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।

    মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরো তিনটি দানবাক্স।

    এর আগে চার মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়।

    এ ছাড়া পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

    কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

    এ ছাড়া এ সময় বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।