Category: সারাদেশ

সারাদেশ

  • মায়ের কফিন জড়িয়ে জমজ সন্তানের আহাজারি ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’

    মায়ের কফিন জড়িয়ে জমজ সন্তানের আহাজারি ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’

    গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিহত ফারিয়া তাসনিম জ্যোতিকে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় তার আট বছর বয়সী জমজ সন্তানের আহাজারিতে। মায়ের কফিন জড়িয়ে তারা বারবার বলছিল, ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’- কিন্তু সেই ডাকের কোনো উত্তর ছিল না।

    নিহত ফারিয়া তাসনিম জ্যোতি (৩৬) ছিলেন ঢাকার একটি আন্তর্জাতিক ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।

    গত রোববার (২৭ জুলাই) রাতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। ঘটনার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

    এরপর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে জ্যোতির নিথর দেহ যখন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছায়, তখন স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জ্যোতির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার শেষ বিদায়ে অংশ নিতে শত শত মানুষ-স্বজন, সহকর্মী ও এলাকাবাসী-ভিড় করে

    নিহতের বড় ভাই শোভন আহাম্মদ বলেন, ‘আমার বোন সংগ্রামী নারী ছিলেন। চাকরি করে দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখত। এখন ওরা শুধু মাকে খুঁজছে।’

    এলাকাবাসীর দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং নগর ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার ফসল। তারা বলেন, জনবহুল এলাকায় খোলা ম্যানহোল রাখা কীভাবে সম্ভব? এমন মৃত্যুকে হত্যার শামিল বলেও অভিযোগ করেন কেউ কেউ।

    এদিকে সচেতন নাগরিকরা বলেন, নগর কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এক মায়ের প্রাণ গেছে। তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে নগরের সকল উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ ড্রেন ও ম্যানহোল নিরাপদ করতে হবে। একইসঙ্গে জ্যোতির মৃত্যুর ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

     

  • বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

    বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

    বিমানবন্দর থেকে বের হতেই রাজধানীতে ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। প্রবাসীর পরিবারটির কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনানী থানার পুলিশ।

    মঙ্গলবার (২৯ জুলাই) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে বনানী থানায় মামলা করেছে প্রবাসীর পরিবার। তবে ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তাই তারা এখনও ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না বলে জানিয়েছে পুলিশ।

    ছিনতাইয়ের কবলে পড়া প্রবাসীর পরিবারের বরাত দিয়ে বনানী থানার পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে।

    এই ঘটনায় মামলা হয়েছে নিশ্চিত করে পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায় বলেও জানান তিনি।

     

  • টিকটকে প্রেম, মাদারীপুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

    টিকটকে প্রেম, মাদারীপুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

    টিকটকে পরিচয় ও ইউটার্চে চার মাসের প্রেম তাদের। অতঃপর চীন থেকে বাংলাদেশের মাদারীপুরে এসে তরুণীকে বিয়ে করেছেন সিতিয়ান জিং (২৬) নামের এক যুবক। বিয়ের পর সিতিয়ান জিং শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

    রোববার (২৭ জুলাই) মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চরের কনের বাড়িতে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।

    সিতিয়ান জিং চীনের সাং হাই শহরের সি জিং নিংয়ের ছেলে। তারা দুই ভাই। সাং হাই শহরে তার রেস্টুরেন্টের ব্যবসা আছে। কনের নাম সুমাইয়া আক্তার। তিনি উত্তর মহিষেরচর এলাকার সাইদুর মুন্সির মেয়ে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সিতিয়ান জিংয়ের সঙ্গে টিকটকে পরিচয় হয় সুমাইয়ার। পরে ইউটার্চের মাধ্যমে কথা আদান-প্রদান হয়। উভয়ই সফটওয়্যারের মাধ্যমে লেখা অনুবাদ করে মনের ভাব আদান-প্রদান করেন। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সর্ম্পক হয়।

    চার মাসের প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২৪ জুলাই চীন থেকে বাংলাদেশ আসেন সিতিয়ান জিং। একদিন ঢাকায় থেকে ২৬ জুলাই মাদারীপুর মহিষের চরের সুমাইয়ার বাড়িতে আসেন তিনি। সুমাইয়া, সুমাইয়ার বাবা ও তার দুই আত্মীয় ঢাকা থেকে তাকে মাদারীপুরে নিয়ে আসেন। বাংলা ভাষায় কথা বলতে না পারায় মোবাইলে অনুবাদ করে কথা আদান-প্রদান করেন সিতিয়ান জিং। পরে ২৭ জুলাই তারা বিয়ে করেন। এ খবর ছড়িয়ে পড়লে সুমাইয়ার বাড়িতে আশপাশের মানুষ ভিড় করতে থাকেন।

     

    এ বিষয়ে সুমাইয়া আক্তার বলেন, চার মাসের প্রেমের সূত্রে চীন থেকে বাংলাদেশ চলে আসবেন এটা কখনও ভাবিনি। প্লেনে ওঠার সময় তিনি বলেছেন আমি বাংলাদেশে আসতেছি। কিন্তু আমি বিশ্বাস করেনি। যখন ইন্ডিয়া এসে আমাকে জানায়, তখন বিশ্বাস করেছি। ও তার মা-বাবাকে আমার কথা বলেছে। ওরাও মুসলিম। ওর মা বলেছেন আমাকে বিয়ে করে চীনে নিয়ে যেতে। তাই সিতিয়ান জিং বাংলাদেশে এসে আমাকে বিয়ে করেছেন। এরমধ্যে পাসপোর্ট করতে দিয়েছি। ও এক মাস বাংলাদেশে থাকবে। এরমধ্যে আমার সব কাগজপত্র রেডি করা হবে। তারপর ও আমাকে চীনে নিয়ে যাবে।

    সিতিয়ান জিং বলেন, বাংলাদেশ আমার ভালো লেগেছে। তবে অনেক গরম। আর অনেক মানুষ আমাকে দেখতে আসে। আমার ভয় লাগে। আমি ভালোবেসে চীন থেকে এখানে এসেছি। সুমাইয়াকে বিয়ে করেছি। এখন ওর কাগজপত্র রেডি করে চীনে নিয়ে যাব। আমার পরিবার সব জানে।

    প্রতিবেশী একজন বলেন, চীন দেশের এক নাগরিক এখানে এসে আমার প্রতিবেশী বোন সুমাইয়াকে বিয়ে করেছেন। আমরা এতে খুব খুশি। তাছাড়া তাকে দেখার জন্য আশপাশের মানুষজন ভিড় করছে।

    পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. রুবেল হাওলাদার বলেন, কয়েকদিন আগে চীন থেকে এক ছেলে এখানে এসেছেন। তার সঙ্গে আমাদের এলাকার সুমাইয়ার বিয়ে হয়। প্রথমে কোর্টের মাধ্যমে বিয়ে হয়েছে। পরে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে হয়। শুনেছি চীনে ওই ছেলের ব্যবসা আছে। কিছুদিনের মধ্যে সুমাইয়াকেও নিয়ে যাবে।

     

  • মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

    মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

    মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে আরও ১৮ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ।

    মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

    বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, দুপুরে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা ১৮ জন স্থানীয় মানুষের সঙ্গে মিশে যাওয়ার আগে তাদের আটক করে বিজিবি।

    আটককৃতরা জানান, বিভিন্ন সময় কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাদের আটক করে কাজিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়।

    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবি থেকে তাদের হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।