Category: সারাদেশ

সারাদেশ

  • মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ, ২০ বছর পর ফিরলেন নিজ গ্রামে!

    মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ, ২০ বছর পর ফিরলেন নিজ গ্রামে!

    মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ২০০৫ সালে নিখোঁজ হন সালাউদ্দিন ফরাজি (৬০) নামে এক বৃদ্ধ। এর ২০ বছর পর নিজ গ্রামে ফিরলেন তিনি। বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তার পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    নিখোঁজ হওয়া সালাউদ্দিন ফরাজির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন কলমী ইউনিয়নের নংলাপাতা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। তিনি ওই গ্রামের জয়নাল ফরাজির ছেলে বলে জানা গেছে। তার স্ত্রীসহ ৫ ছেলে-মেয়ে রয়েছে। তবে বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার।

    পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩ যুগ আগে কাজের উদ্দেশ্য স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় পাড়ি জমান সালাউদ্দিন। সেখানেই তিনি রিকশা চালিয়ে উপার্জন করতেন। বসবাস করতেন মোহাম্মদপুর এলাকায়। ২০০৫ সালে মেঝ মেয়ের বাড়ির বাড়ি ঢাকা গাজীপুরে যাওয়ার জন্য রওনা দেন। এরপর থেকে আর তার কোনো সন্ধ্যান পায়নি পরিবার। মাঝখানে কেটে যায় প্রায় ২০ বছর। ৪০ বছর বয়সে নিখোঁজ হয়ে অর্থাৎ ৬০ বছরের বৃদ্ধ হয়ে ফিরে এলেন নিজ গ্রামে। তবে কিভাবে নিজ গ্রামে ফিরে আসলেন বা এতো বছর কোথায় ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি তার থেকে।

    সালাউদ্দিন ফরাজির বড় মেয়ে রেখা বেগম বলেন, বাবা ২০০৫ সালে আমাদের মেঝ বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়। এরপর থেকে বাবা নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরও বাবাকে আর ফিরে পাইনি। আমরা ধরেই নিয়েছিলাম বাবা বেঁচে নেই। কিন্তু অবশেষে বাবাকে ফিরে পেয়েছি। বাবা বর্তমানে কথা বলতে পারছে না। অনেকটা মানসিক ভারসাম্যহীন,তবে দীর্ঘ বছর পর বাবাকে ফিরে পেয়ে আমরা খুশি। বাবা নিখোঁজ হওয়ার পর ফিরে পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। পরে শশিভূষণ থানায় থানায় জিডি করেছি। বাবার ডিএনএ পরীক্ষার জন্য বাবাকে নিয়ে ঢাকায় এসেছি।

    শশিভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গণমাধ্যমকে বলেন, ঢাকায় সালাউদ্দিন ফরাজি নামে এক ব্যক্তি হারিয়ে গিয়েছিল। তার মেয়ে থানায় জিডি করেছে। সম্প্রতি স্থানীয় মায়া নদী ব্রিজ সংলগ্ন এলাকায় লোকটিকে ঘোরাঘুরি করতে দেখা গেলে পরিবারের সদস্যরা উক্ত ব্যক্তিকে নিখোঁজ থাকা সালাউদ্দিন ফরাজি বলে দাবি করেছেন। তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার জন্য গতকাল ঢাকায় পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট

    পেলে পরিচয় নিশ্চিত হতে পারব।

     

  • বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

    পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ডে যাত্রীবাহী জেএইচ ক্লাসিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে বরিশাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, কুয়াকাটা থেকে জেএইচ ক্লাসিকের যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ডে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

    এতে ওই বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহত অপরাজিতা (খুলনা), সুলতানা পারভীন (কুমিল্লা), নাহিদা সুলতানা (জয়পুরহাট), নুসরাত জাহান (খুলনা), রণজিৎ ও দুলাল চন্দ্রকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক অপরাজিতা, রণজিৎ ও সুলতানাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছি।

    আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।

     

  • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

    জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান।

    নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

    জানা গেছে, বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় তিনি নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যান।

    নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

     

  • মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ দুইজন এখনও আইসিইউতে

    মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ দুইজন এখনও আইসিইউতে

    রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুজন এখনও রয়েছে আইসিইউতে। তবে তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    চিকিৎসকরা জানান, ঘটনাটিতে ৩৩ জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

    মঙ্গলবার (২৯ জুলাই) তাদের মধ্যে তিনজন ছিল আইসিইউতে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

    চিকিৎসকরা আরও জানান, গত দুই দিনে কোন মৃত্যুর খবর নেই। দগ্ধ চিকিৎসার বিষয়ে বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের চিকিৎসকরা চীন এবং সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বোর্ড মিটিং করছেন।

    গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই শিশু।