Author: News Live

  • বাড়লো জ্বালানি তেলের দাম, নতুন দাম দেখে নিন

    বাড়লো জ্বালানি তেলের দাম, নতুন দাম দেখে নিন

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ করার প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে পড়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

    বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০.৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫.৪৭ ডলারে লেনদেন হয়।

    পরে ডব্লিউটিআইয়ের দাম আরও বেড়ে ১.১৬ ডলার বা ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৬.৩৫ ডলারে দাঁড়ায়।

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রভাবিত হতে পারে, যা বাজারে অস্থিরতা বাড়াতে পারে।

    নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, উত্তেজনা থাকলেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরিশোধিত তেলের দামে তীব্র বৃদ্ধি চান না। সামরিক পদক্ষেপ হলেও তা সীমিত ও স্বল্পমেয়াদি হতে পারে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল। জলপথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার যৌথ সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনা রয়েছে।

  • রাষ্ট্রপতি ও স্পিকার পদে যে ২ নেতার নাম

    রাষ্ট্রপতি ও স্পিকার পদে যে ২ নেতার নাম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় নতুন সরকারের। প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় এলো দলটি। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

    দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছে দলটি।

    তবে রাষ্ট্রপতি ও স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এখনো স্পিকার পদে কাকে আনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খান এখনো কোনো দায়িত্ব পাননি। তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে দলের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন।

    বিএনপির একটি সূত্র জানায়, ড. খন্দকার মোশাররফ হোসেন–কে ভবিষ্যতে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। বর্তমানে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় দল তাকে সম্মানজনক পদে দেখতে পারে বলেও ঘনিষ্ঠজনদের ধারণা। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি খন্দকার মোশাররফ হোসেন। সংশ্লিষ্টরা মনে করিয়ে দেন, রাষ্ট্রপতি পদে পরিবর্তন সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জাতীয় সংসদের ওপর।

    অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান–এর নাম স্পিকার পদে আলোচনায় রয়েছে বলে দলীয় মহলে শোনা যাচ্ছে। তবে এ নিয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্বে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

    এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিকরা আরও তিনটি আসন পেয়েছে। ফলে জাতীয় সংসদে জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দুটি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে জোটের আসনসংখ্যা আরও বাড়বে।

  • প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

    প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

    মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নের লক্ষ্যে বড় ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

    বিজ্ঞাপন
    রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সভায় দীর্ঘদিনের অমীমাংসিত তালিকা সংশোধন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

    মতবিনিময় সভায় জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে যাচাই-বাছাই করা হবে যাতে কোনো অমুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে না পারে।

    সভায় নিজের বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মহান মুক্তিযুদ্ধই আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। এই গৌরবময় মুক্তিযুদ্ধের সঙ্গে দেশের অন্য কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা কোনোভাবেই সঠিক হবে না।”

     

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    তিনি মুক্তিযুদ্ধের অনন্য মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধ একটি জাতির চূড়ান্ত আত্মত্যাগের ফসল এবং এর স্বকীয়তা বজায় রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

    মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এর চেতনাকে হীন রাজনৈতিক স্বার্থে এত বেশি অপব্যবহার করা হয়েছে যে, এর ফলে আজকের তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়েছে। তারা অনেক ক্ষেত্রে সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে।”

    তিনি নতুন প্রজন্মের প্রতি আলোকপাত করে বলেন, “আমাদের মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এই দেশটিকে শত্রুমুক্ত করে স্বাধীন করেছেন, তা আজকের প্রজন্মের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। এই ঘাটতি পূরণে আমাদের যুদ্ধের প্রকৃত বীরত্বগাথা তাদের সামনে তুলে ধরতে হবে।”

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা।

     

  • সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

    সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে বড় রদবদল হয়েছে। আজ রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।

    সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

    এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

    দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।